অবিশ্বাস্য বোলিং, টি-টোয়েন্টিতে একাই শিকার ৯ উইকেট!
খেলা ডেস্ক
০৯ এপ্রিল ২০২৬, ২৩:০৯
ক্রিকেটে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। টি-টোয়েন্টির ঝড়ো ফরম্যাটে যেখানে ব্যাটারদের দাপটই বেশি, সেখানে একাই ৯ উইকেট শিকার করে ইতিহাস গড়ে ফেললেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে অবিশ্বাস্য এই কীর্তি গড়েন তিনি।
নারী বা পুরুষ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। ফলে রেকর্ড বইয়ে নতুন করে লিখতে হয়েছে ইতিহাস। এর আগে নারী টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল ভুটানের সোনম ইয়েশের। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। কারদোসো সেই দুই রেকর্ডই ভেঙে দিলেন এক ম্যাচেই।

ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রাজিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে লেসোথো। আর সেই ধসের কেন্দ্রে ছিলেন কারদোসো। মাত্র ৩ ওভার বল করে ৪ রান খরচায় ৯ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করে আভাস দেন কী আসছে সামনে।
এরপর চতুর্থ ওভারে তুলে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে যোগ করেন আরও ২টি, আর তাতেই পূর্ণ হয় ৯ উইকেটের বিস্ময়কর কীর্তি। দশম উইকেটটিও প্রায় পেয়ে গিয়েছিলেন তিনি। তবে শেষ ব্যাটারকে আউট করেন মারিয়ান আর্তুর, ফলে ইতিহাসটা ১০ উইকেটে গিয়ে থামেনি। তবু ৯ উইকেটের এই অর্জনই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন মাইলফলক।
কারদোসোর তোপে মাত্র ৬.২ ওভারে ১৩ রানেই গুটিয়ে যায় লেসোথোর ইনিংস। ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ব্রাজিল।
এমআই