Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি প্রকাশ

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ১৭:১০

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে এসেছে বড় পরিবর্তন। দিবারাত্রির সবগুলো ম্যাচ দিনের বেলায় আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সম্ভাব্য ঘোষণার পর এবার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

আজ বৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। যেখানে আগের ম্যাচগুলো বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা ছিল। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর দুইটা থেকে শুরু হবে।

চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হওয়া এই লড়াইয়ের প্রথম দুইটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে টাইগাররা। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ও শেষ ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত

এদিকে গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

এবার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে টাইগার ক্রিকেট বোর্ড। তবে ম্যাচের সময় পাল্টালেও নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে এই দুই সিরিজ। ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে।

নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি

ম্যাচ ফরম্যাট তারিখ ভেন্যু সময়
১ম ম্যাচ ওয়ানডে ১৭ এপ্রিল মিরপুর সকাল ১১টা
২য় ম্যাচ ওয়ানডে ২০ এপ্রিল মিরপুর সকাল ১১টা
৩য় ম্যাচ ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রাম সকাল ১১টা
১ম ম্যাচ টি-টোয়েন্টি ২৭ এপ্রিল চট্টগ্রাম দুপুর ২টা
২য় ম্যাচ টি-টোয়েন্টি ২৯ এপ্রিল চট্টগ্রাম দুপুর ২টা
৩য় ম্যাচ টি-টোয়েন্টি ২ মে মিরপুর দুপুর ২টা

এমআই