Advertisement
Us Bangla Airlines
ফুটবলে এক ম্যাচেই ২৪ লাল কার্ড!

ফুটবলে এক ম্যাচেই ২৪ লাল কার্ড!

খেলা ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ২২:৫৮

ফুটবল মানেই আবেগ, লড়াই আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সেই আবেগ যখন নিয়ন্ত্রণ হারায়, তখন মাঠই পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। ফ্রান্সের ঘরোয়া ফুটবলে এমনই এক নজিরবিহীন কাণ্ড ঘটেছে। এক ম্যাচেই দেখা গেছে ২৪টি লাল কার্ড!

ঘটনাটি মরবিহান অঞ্চলের একটি স্থানীয় লিগ ম্যাচে। মুখোমুখি ছিল গিলিয়ার্স ও মোরন। মাঠের লড়াই শুরু হয়েছিল স্বাভাবিক ছন্দে, কিন্তু শেষ বাঁশির পরই পরিস্থিতি পাল্টে যায় নাটকীয়ভাবে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে।

এর মধ্যেই এক খেলোয়াড়ের অভিভাবক মাঠে ঢুকে পড়লে আগুনে ঘি পড়ে। শুরু হয় তুমুল হাতাহাতি, যা দ্রুত রূপ নেয় সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কিছু খেলোয়াড় লাঠি নিয়েও জড়িয়ে পড়েন মারামারিতে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, রেফারি বাধ্য হন একের পর এক লাল কার্ড দেখাতে।

শেষ পর্যন্ত গিলিয়ার্সের ১৩ জন ও মোরনের ১১ জন। মোট ২৪ ফুটবলার মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। অর্থাৎ, ম্যাচে অংশ নেওয়া ২৭ খেলোয়াড়ের মধ্যে মাত্র ৩ জন থাকেন শাস্তির বাইরে! পরিস্থিতি সামাল দিতে পরে মাঠে নামে ন্যাশনাল জেন্ডারমারি। যদিও তারা পৌঁছানোর আগেই বড় ধরনের সংঘর্ষ থেমে আসে।

অদ্ভুত এই ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হলেও, ফলাফল ছাপিয়ে আলোচনায় এখন লাল কার্ডের রেকর্ড! ঘটনার পর ইতোমধ্যে গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। তদন্ত শেষে দুই দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এমআই