Advertisement
Us Bangla Airlines
কাবরেরার মেয়াদ বাড়েনি, নতুন কোচের খোঁজে বাফুফে

কাবরেরার মেয়াদ বাড়েনি, নতুন কোচের খোঁজে বাফুফে

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১৫:২২

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল, আর সেটি নবায়ন না করে নতুন কোচের সন্ধানে নামছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

চার বছরের বেশি সময় ধরে জাতীয় দলের দায়িত্বে থাকা ক্যাবরেরা প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে পারেননি। ফলে তার বিদায়ের দাবি ফুটবল অঙ্গনে বেশ জোরালো ছিল। আজ জাতীয় দল কমিটির বৈঠকে কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও সরাসরি বিদায়ের ঘোষণা না দিয়ে বাফুফে বেছে নিয়েছে ‘ওপেন প্রতিযোগিতা’র পথ।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে ক্যাবরেরাও আবেদন করতে পারবেন, তবে তাকে অন্য প্রার্থীদের মতোই সাক্ষাৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যোগ্যতা বিবেচনায় সেরা প্রার্থীই দায়িত্ব পাবেন।

জাতীয় দলে ক্যাবরেরার সময়টা কেটেছে নানা বিতর্কে। খেলোয়াড় নির্বাচন, ম্যাচ কৌশল কিংবা স্কোয়াড ব্যবস্থাপনা; সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে বারবার। অনেকের মতে, বাংলাদেশের ফুটবলে তার দেওয়ার মতো নতুন কিছু আর অবশিষ্ট নেই। তবুও তাকে পুনরায় আবেদন করার সুযোগ দেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

শোনা যাচ্ছে, দায়িত্ব ধরে রাখতে এখনও নানা মহলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ক্যাবরেরা। অতীতে চুক্তি নবায়নের সময় ফুটবলারদের মাধ্যমে সুপারিশ আদায়ের কথাও উঠেছিল আলোচনায়। ফলে নতুন কোচ নিয়োগ প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ হবে, তা নিয়েও সংশয় কাটেনি পুরোপুরি।

উল্লেখ্য, কাবরেরার অধীনে গেল চার বছরে ৩৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র দশটি ম্যাচে জয়ের মুখ দেখেছে লাল-সবুজের দল।

এমআই