বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
খেলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ২১:৪৭
মাঠে দাপুটে জয়, কিন্তু ম্যাচের পরেই এলো দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা ফেরালেও স্লো-ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে ধীরগতিতে বোলিং করায় বাংলাদেশের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করে বাংলাদেশ। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এ অভিযোগ তোলেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পে-ক্রাফট শাস্তি নিশ্চিত করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দলকে। অধিনায়ক মিরাজ দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ চলাকালেও ধীরগতির প্রভাব স্পষ্ট ছিল। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৭ ওভারের পর আম্পায়াররা স্লো-ওভার রেটের সংকেত দেন। ফলে শেষ তিন ওভারে বাংলাদেশকে বৃত্তের ভেতরে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে হয়, যা বোলারদের জন্য চাপ বাড়ায়।
তবুও দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। পরে সহজ লক্ষ্য তাড়া করে ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদ রানা। এখন সব চোখ চট্টগ্রামের দিকে। সেখানেই শেষ ওয়ানডেতেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
এমআই