Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি

খেলা ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬, ২২:৫৮

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থ ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসর ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এই ঘোষণায়। নারী বিশ্বকাপের ইতিহাসে এত বেশি প্রাইজমানি আগে দেখা যায়নি।

আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে বিশ্বকাপের পর্দা। তার আগে জানানো হয়েছে, এবারের মোট প্রাইজমানি ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা। ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে এই অর্থ। একই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার, রানার্সআপ ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনালে ওঠা প্রতিটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার নিশ্চিত পাবে।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেছেন, নারী ক্রিকেট বিশ্বজুড়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এই রেকর্ড প্রাইজমানি সেই অগ্রগতিরই প্রতিফলন। তার মতে, এই টুর্নামেন্ট শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে।

বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই শুরু হয়েছে ট্রফি ট্যুর। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু হওয়া এই যাত্রা ঘুরে যাবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। মে মাসজুড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরেও প্রদর্শিত হবে ট্রফিটি।

সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে।

এমআই