Advertisement
Us Bangla Airlines
২ কোটির স্পিনারকে হারাল লখনৌ

২ কোটির স্পিনারকে হারাল লখনৌ

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

আইপিএলের মাঝপথেই বড় ধাক্কা খেল লখনৌ সুপার জায়ান্টস। ২ কোটি রুপিতে দলে ভেড়ানো শ্রীলঙ্কান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পুরো মৌসুমেই আর পাচ্ছে না তারা। চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন হাসারাঙ্গা। ফলে দ্রুতই বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু করেছে লখনৌ।

ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক টম মুডি জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, হাসারাঙ্গার জায়গায় দলে ভিড়তে পারেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার এখনো আইপিএলে অভিষেকের অপেক্ষায়।

কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে মুডি বলেন, হাসারাঙ্গা দলে যোগ দিতে পারছেন না, এই বাস্তবতা মেনেই পরিকল্পনা সাজানো হচ্ছে। খুব দ্রুতই বিকল্প চূড়ান্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। আইপিএলে খেলার জন্য যে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক ছিল, চোটের কারণে তাতেও অংশ নিতে পারেননি এই লেগ স্পিনার। ফলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুমতিও মেলেনি।

আইপিএলে এর আগে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন হাসারাঙ্গা। বিশেষ করে বেঙ্গালুরুর জার্সিতে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। তবে হাসারাঙ্গার অনুপস্থিতিতেও লখনৌর বোলিং আক্রমণ ভেঙে পড়েনি। দিগভেশ রাথি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদদের নিয়ে গড়া স্পিন বিভাগ এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে।

এমআই