ভারতীয় আম্পায়ারসহ বাংলাদেশ সিরিজের দায়িত্বে যারা
খেলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১৮:৩০
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সামনে। মাঠের লড়াই শুরুর আগেই চূড়ান্ত হলো ম্যাচ পরিচালকদের তালিকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে আসন্ন সীমিত ওভারের এই সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম। ছয় ম্যাচের দুই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন আইসিসি এলিট প্যানেলের অভিজ্ঞ অ্যান্ডি পাইক্রফট।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। সাদা বলের এই লড়াইয়ে আম্পায়ারিংয়ে থাকছেন এলিট প্যানেলের দুই পরিচিত মুখ রিচার্ড ইলিংওয়ার্থ ও ভারতের নিতিন মেনন। আইপিএল ছেড়ে বাংলাদেশে আসবেন নিতিন। তাদের সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার তানভীর আহমেদ, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান।
সকাল ১১টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। প্রথম দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে, শেষটি চট্টগ্রামে। উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ।

২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতিন মেনন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অন-ফিল্ডে দেখা যাবে নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুলকে, টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়ার্থ।
ওয়ানডের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর এই ফরম্যাটে পুরোপুরি দায়িত্ব সামলাবেন দেশি আম্পায়াররাই। ২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ডে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ।
পরের দুই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুলের সঙ্গে থাকবেন যথাক্রমে তানভীর আহমেদ ও গাজী সোহেল। পুরো সিরিজে চতুর্থ আম্পায়ারের দায়িত্বও ঘুরিয়ে-ফিরিয়ে ভাগ করা হয়েছে। গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, মোর্শেদ আলী খান ও তানভীর আহমেদ পর্যায়ক্রমে এই দায়িত্ব পালন করবেন।
এমআই