অধিনায়কের ফিফটির পরেও জিতল না বাংলাদেশ
খেলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১৭:৪৮
তিন ম্যাচ সিরিজের শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়েও গিয়েছিল তারা। তবে সেই গতি ধরে রাখা হলো না দ্বিতীয় ম্যাচে। এবার নিগার সুলতানা জ্যোতির দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফরকারী শ্রীলঙ্কা।
রাজশাহীতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা একেবারেই হতাশাজনক। মাত্র ৪ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। জুয়াইরিয়া ফেরদৌস ২ রানে এবং শারমিন আক্তার শূন্য রানে আউট হন।
একপ্রান্তে লড়াই চালিয়ে যান অধিনায়ক জ্যোতি। ধীরে ধীরে ইনিংস গড়লেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০১ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন তিনি, চারটি চারে সাজানো ছিল তার ইনিংস।

মাঝের সারিতে শারমিন সুলতানা ২৫, সোবহানা মোস্তারি ৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০ এবং রাবেয়া খান ১৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন দলনেতা চামারি আতাপাতু, তিনি নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান আরও তিনজন বোলার।
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা ৫ এবং ইমেশা দুলানি ৮ রানে ফিরে যান। তবে অধিনায়ক চামারি আতাপাতু ৩৯ বলে ৪০ রানের আক্রমণাত্মক ইনিংসে দলকে এগিয়ে নেন। পরে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় সফরকারীদের হাতে।
করুনারত্নে ৪০ এবং সামারাবিক্রমা ৫০ রান করে আউট হলেও জয়ের ভিত তখনই শক্ত হয়ে যায়। শেষ দিকে কাভিশা ও নীলাক্ষী দলকে জয় এনে দেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদা আক্তার, যিনি ৪ উইকেট শিকার করেন। সুলতানা খাতুন ও রিতুমনি নেন একটি করে উইকেট।
এমআই