শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বলে জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৭
অল্প পুঁজি। কিন্তু লড়াই ছিল শেষ বল পর্যন্ত। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শেষ ওভারে ১২ রান করতে গিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে লঙ্কানরা। তবে জয়ের আগেই থামতে হয়েছে তাদের।
ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য দাঁড়ায় ১১৬। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে শ্রীলঙ্কা। শেষ বল পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর জয় ধরা দেয় টাইগ্রেসদের হাতে।
ব্যাট হাতে শুরুটা ছিল আত্মবিশ্বাসী। শামিমা সুলতানা ও ইশমার উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। ১৯ বলে ১৭ রান করে শামিমা ফিরলে ভাঙে সেই জুটি। ইশমা করেন ৩০ রান। তিন নম্বরে নেমে শারমিন যোগ করেন ২৯ রান। তবে এরপর আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি, ১১৫ রানেই থেমে যায় ইনিংস।
তবে অল্প রান নিয়েও দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। নতুন বলে শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলতেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
মাঝের ওভারগুলোতে স্পিনাররা চেপে ধরেন ম্যাচ। জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন রান আটকে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। একশ রানের আগেই ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। তবু শেষ দিকে লড়াই চালিয়ে যায় তারা।
ডেথ ওভারে লতা মন্ডলের সংযত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ বলে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ১১১ রানেই থামে তাদের ইনিংস। মিডল অর্ডারের ব্যর্থতা থাকলেও বোলারদের দৃঢ়তা আর দলীয় লড়াই বাংলাদেশকে এনে দিয়েছে মূল্যবান জয়। টুর্নামেন্টের শুরুতেই এমন স্নায়ুচাপের ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে টাইগ্রেসরা।
এমআই