এপ্রিলে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা, খেলবে দুই সিরিজ
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৭:৩০
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার এই সফরের পূর্ণ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের মাটিতে এবারই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিনই তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।
দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মাঝে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। ওয়ানডে সিরিজের সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা দল। ২৭ এপ্রিল অনুশীলনের পর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
একই ভেন্যুতে ৩০ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষে ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের ওয়ানডে খেলার ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল তারা। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অংশ নিয়েছিল শ্রীলঙ্কা নারী দল। সেই সিরিজের শিরোপাও জিতেছিল লঙ্কানরা।
বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের সূচি
| ম্যাচ | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| ১ম ওয়ানডে | ২০ এপ্রিল | রাজশাহী |
| ২য় ওয়ানডে | ২২ এপ্রিল | রাজশাহী |
| ৩য় ওয়ানডে | ২৫ এপ্রিল | রাজশাহী |
| ১ম টি-টোয়েন্টি | ২৮ এপ্রিল | সিলেট |
| ২য় টি-টোয়েন্টি | ৩০ এপ্রিল | সিলেট |
| ৩য় টি-টোয়েন্টি | ২ মে | সিলেট |
এমআই