Advertisement
Us Bangla Airlines
আচমকা ব্যাটিং ধসের পরেও জিতল বাংলাদেশ

আচমকা ব্যাটিং ধসের পরেও জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ এপ্রিল ২০২৬, ১৭:১৪

রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয়তার শেষ ছিল শেষ বল পর্যন্ত। শারমিন আক্তারের দারুণ ফিফটি আর সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের গুরুত্বপূর্ণ ইনিংসে বড় জয়ের পথেই ছিল বাংলাদেশ নারী দল। তবে শেষদিকে মাত্র ২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশই।

রান তাড়ায় শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের দুই ওভারও পূর্ণ হওয়ার আগে ফিরে যান দুই ওপেনার। এরপর দ্রুতই আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। শূন্য রানে ফেরেন শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস করেন ৫ রান, আর জ্যোতির ব্যাট থেকে আসে ১৩ রান।

৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৫৬ বলে ৪১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সোবহানা।

এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের আরেকটি জুটি গড়ে ম্যাচ প্রায় শেষ করে ফেলেছিলেন শারমিন। তবে জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি তিনি। ফিফটির পর থেমে যান ৮৬ রানে, ১২৭ বলের ইনিংসে ছিল ১৩টি চার।

শেষ দিকে নাটকীয় মোড় নেয় ম্যাচ। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে স্বর্ণা আক্তার, রাবেয়া ও রিতুমনি ফিরে যান দ্রুতই। স্বর্ণা করেন ৩৫, রাবেয়া ১ এবং রিতুমনি শূন্য। পরে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা আক্তার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের ইনিংসে দুটি ফিফটি আসে। হানসিমা করুনারত্নে করেন সর্বোচ্চ ৫৪ রান, ইমেশা দুলানি করেন ৫২। এছাড়া কাভিশা দিলহারি ৩০, অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ এবং কৌশানি ১৮ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিতুমনি নেন ৩ উইকেট, নাহিদা আক্তার নেন ২ উইকেট।

এমআই