চ্যাম্পিয়ন আবাহনীতে ফের তারকার মেলা
খেলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৪
শিরোপা জয়ের পর আত্মতুষ্টিতে ভোগেনি আবাহনী লিমিটেড। বরং নতুন মৌসুম সামনে রেখে আরও শক্তিশালী, আরও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে ফের শিরোপা ধরে রাখার বার্তা দিয়ে দিল আকাশী-নীল শিবির। আগের ৯ ক্রিকেটারের পাশাপাশি নতুন ১০ ক্রিকেটার নিয়ে দল গড়েছে চ্যাম্পিয়ন আবাহনী।
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দিনেই নিজেদের পরিকল্পনার রূপরেখা স্পষ্ট করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নেতৃত্বের কেন্দ্রে থাকছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সঙ্গে আস্থার প্রতীক মোসাদ্দেক হোসেন সৈকত। গত মৌসুমের সাফল্যের ভিত্তিটাই ধরে রেখেছে তারা।
পুরোনো ৯ ক্রিকেটারের তালিকায় শান্ত-মোসাদ্দেক ছাড়াও আছেন জিশান আলম, মেহেরব আহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন ও মেহেদী হাসান। যারা গত আসরে দলের মেরুদণ্ড গড়ে তুলেছিলেন।
তবে শুধু পুরোনোদের ওপর নির্ভরতা নয়, নতুন শক্তিও যোগ করেছে আবাহনী। ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ছোঁয়া আনতে দলে টেনেছে সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিককে। মিডল অর্ডারে আগ্রাসন বাড়াতে যোগ হয়েছেন সাব্বির রহমান রুম্মান।
পেস আক্রমণেও নজর কেড়েছে তাদের সংযোজন। জাতীয় দলের খালেদ আহমেদকে দলে ভিড়িয়ে বোলিং ইউনিটে এনেছে ধার। সঙ্গে আছেন সাব্বির হোসেন, অনিক সরকার, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও বর্ষণের মতো তরুণরাও।
একনজরে আবাহনী স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মেহেরব আহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, মেহেদী হাসান, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান রুম্মান, সাব্বির হোসেন, অনিক সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও বর্ষণ।
এমআই