বিসিবির কমিটিতে ইশরাকের ভাই মাশরুর
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২২:৫৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি গঠনের পরপরই শুরু হয়েছে রদবদল ও নতুন সংযোজনের ধারা। সেই ধারাবাহিকতায় এবার কমিটিতে যুক্ত হলেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবির লজিস্টিক ও প্রটোকল কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশরুর। এই কমিটির প্রধান হিসেবে আছেন মির্জা ইয়াসির আব্বাস, যিনি বিএনপির বর্ষীয়ান নেতা ও বর্তমান উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তত্ত্বাবধানে গঠিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিম ইকবালকে। তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির প্রধান লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।
১১ সদস্যের এই কমিটিতে রাজনৈতিক সংযোগও স্পষ্ট। সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রীপরিবারের প্রতিনিধিরা। এদের মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমদ এবং ইসরাফিল খসরু যথাক্রমে রাজনৈতিক পরিবারের সদস্য। এছাড়া আছেন রাশনা ইমাম।
বিসিবি সভাপতির পদেও এসেছে ধারাবাহিক পরিবর্তন। দীর্ঘ ১২ বছর দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন ২০২৪ সালের ২১ আগস্ট পদত্যাগ করার পর থেকে নেতৃত্বে এসেছে একাধিক পরিবর্তন। এরপর ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পালন করেন। বর্তমানে সেই চেয়ারে বসেছেন তামিম ইকবাল।
এমআই