এত ছক্কা আগে হাঁকাতে পারেনি কোনো ব্যাটার
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ১৯:০১
১৫ বছর বয়সেই আইপিএলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিলেন বৈভব সূর্যবংশী। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রীতিমতো ঝড় তুলেছেন এই তরুণ ওপেনার। জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই মেরেছেন ছক্কা। এরপরের প্রতিটি ব্যাটিং মুহূর্তে দর্শকদের কাজ থেকে বাহবা কুড়িয়েছেন এই কিশোর।
মুম্বাইয়ের বিপক্ষে মাত্র ১৪ বল খেলে ৩৯ রান করেন বৈভব। এই ইনিংসে তিনি পাঁচটি ছক্কা হাঁকান, যার মধ্যে দুটি ছক্কা এসেছে বুমরাহর এক ওভারে। ফিফটি করতে কিছুটা পিছিয়ে গেলেও রেকর্ড গড়ার ক্ষেত্রে তিনি কেউকে পিছনে ছাড়লেন। আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে।
গেল বছর আইপিএলে অভিষেক হয়েছিল এই বিস্ময় বালকের। অভিষেক মৌসুমে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দেন তিনি। তাতে এখন পর্যন্ত আইপিএলে ৩৫টি ছক্কা হাঁকিয়েছেন বৈভব। ২০ বছরের কম বয়সে বৈভবের চেয়ে বেশি ছক্কা মারেনি কোনো ব্যাটার।
আগে এই রেকর্ডের মালিক ছিলেন ঋষভ পান্ত ও ঈশান কিশন। তারা ২০ বছরের কম বয়সে ৩০টি করে ছক্কা মেরেছিলেন। ঈশান কিশন ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন। পান্ত ২০১৬-১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে একই সংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন।
এরপর সাঞ্জু স্যামসন এবং পৃথ্বী শ রেকর্ড তালিকায় রয়েছেন। পৃথ্বী ২০১৮-১৯ সালে ১৯টি, আর স্যামসন ২০১৩-১৪ সালে ২২টি ছক্কা করেছিলেন। বৈভবের বয়স এখনও ২০ হয়নি। ২০৩১ সালের ২৭ মার্চ তিনি ২০ বছরে পৌঁছাবেন। এর অর্থ, আগামী চারটি মৌসুমে তিনি আরও অনেক রেকর্ড গড়ার সুযোগ পাবেন।
এমআই