Advertisement
Us Bangla Airlines
বিপিএলে লোকসান, লভ্যাংশ পাবেন ফ্র্যাঞ্চাইজিরা?

বিপিএলে লোকসান, লভ্যাংশ পাবেন ফ্র্যাঞ্চাইজিরা?

খেলা ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ২২:০৭

বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের দ্বাদশ আসর শেষ হলেও আর্থিক হিসাব মিলছে না। আয়-ব্যয়ের ব্যবধানে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজিদের ওপরও। তাতে লভ্যাংশ নিয়ে পড়তে যাচ্ছে বড় ধরণের টানাপোড়ন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থ থেকেই চুক্তি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেওয়া হবে। তবে তার আগে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে হবে।

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এবারের আসরে লোকসান হয়েছে এবং সেই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সুবিধা দেওয়া কঠিন। বোর্ডের অভ্যন্তরেও বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। মূলত চট্টগ্রামের দায়িত্ব নিতে গিয়েই লোকসানে ডুবেছে বোর্ড।

এছাড়া লোকসানের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সম্প্রচার স্বত্ব বিক্রি। বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন ১১ কোটি ১০ লাখ টাকায় টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে এবার। যদিও ১২ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি কিছুটা ক্ষতি পুষিয়েছে, তবুও সার্বিক চিত্রে ঘাটতি থেকেই গেছে।

এদিকে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। এক ফ্র্যাঞ্চাইজি মালিক জানিয়েছেন, লভ্যাংশ দিতে না পারলে অন্তত ফ্র্যাঞ্চাইজি ফির একটি অংশ ফেরত দেওয়া উচিত। তাঁর দাবি, আগের আসরে দেড় কোটি টাকা ফি নেওয়ার পাশাপাশি টিকিট বিক্রি থেকে ৫০ লাখ টাকা করে লভ্যাংশ দেওয়া হয়েছিল। এবার তার থেকে কম হলে বিষয়টি মানানসই হবে না।

এমআই