Advertisement
Us Bangla Airlines
চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ১৭:৩৭

শেষ মুহূর্তের শ্বাসরুদ্ধকর নাটকীয়তায় ভরা এক লড়াই, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। এশিয়ান গেমস হকি বাছাইয়ের উদ্বোধনী ম্যাচেই চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে জয় দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।

থাইল্যান্ডের মাঠে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই চি হুসানের ফিল্ড গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। শুরুতেই পিছিয়ে পড়া বাংলাদেশ অবশ্য দমে যায়নি। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের নিখুঁত ফিনিশে ম্যাচে ফেরে তারা।

দ্বিতীয় কোয়ার্টারে আবারও জ্বলে ওঠেন আশরাফুল। আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। সেই লিড নিয়েই বিরতিতে যায় দল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের দাপট আরও স্পষ্ট। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের জোরালো হিটে ব্যবধান দাঁড়ায় ৩-১।

যুব বিশ্বকাপের সাবেক সর্বোচ্চ গোলদাতা আমিরুল জাতীয় দলেও নিজের বিশেষত্ব দেখাতে ভুল করেননি। যদিও এই কোয়ার্টারে আরও কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে আসল নাটক জমে ওঠে চতুর্থ কোয়ার্টারে। একের পর এক পেনাল্টি কর্নার পেয়ে চাপ বাড়ায় চাইনিজ তাইপে।

সেই চাপ সামলে ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম ইমনের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। মনে হচ্ছিল জয় নিশ্চিত। কিন্তু সেখানেই নাটকের মোড়। একই মিনিটে চি হুসান আবার গোল করে ব্যবধান কমান। তার ঠিক ১৪ সেকেন্ড পর আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল—হঠাৎই স্কোরলাইন ৪-৩!

শেষ ৫০ সেকেন্ডে তাইপের তীব্র চাপ সামলে কোনোভাবে জয় ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বে দারুণ সূচনা করল বাংলাদেশ। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দল। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা খেলবে সেমিফাইনালে, আর সেখান থেকে চার দল পাবে এশিয়ান গেমসে খেলার টিকিট।

এমআই