সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডে শাহিবজাদা
খেলা ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ১৭:১১
টি-টোয়েন্টির মঞ্চে যেন আগুন ঝরছে তাঁর ব্যাট থেকে। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান এখন রীতিমতো সেঞ্চুরির মেশিন। সবশেষ ১৫ মাসে তার ব্যাট থেকে এসেছে সাত সেঞ্চুরি। আর সেই ধারাবাহিক বিস্ফোরণেই গড়ছেন নতুন নতুন ইতিহাস।
পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে মুলতান সুলতানসের জার্সিতে ফারহানের সর্বশেষ সেঞ্চুরি যেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন আলোড়ন তুলেছে। হাই-স্কোরিং ম্যাচে তাঁর ব্যাটিং তাণ্ডবে বড় লক্ষ্যও হয়ে গেছে তুচ্ছ। আর তাতেই এসেছে দাপুটে জয়।
ম্যাচটা ছিল রানের উৎসব। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ কিংসমেন ৫ উইকেটে তোলে ২২৫ রানের বিশাল স্কোর। মাজ সাদাকাত ও সারজিল খানের ঝড়ো ব্যাটিংয়ে পাহাড়সম রান দাঁড়ালেও, ফারহানের সামনে সেই পাহাড় গলে যায় মুহূর্তেই।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ফারহান। তাঁর সঙ্গে কার্যকরী সঙ্গ দেন স্টিভেন স্মিথ। দুজনের ব্যাটে ভর করে মাত্র ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় মুলতান সুলতানস। যেখানে মূল নায়ক বিপিএলে রাজশাহীর হয়ে খেলা শাহিবজাদা ফারহান।
মাত্র ৫৫ বলেই তুলে নেন নিজের প্রথম পিএসএল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসটি ছিল ৭টি চার আর ৮টি ছক্কার ঝলকে সাজানো। এই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি পূর্ণ করলেন ফারহান। তাতেই বিরাট কোহলি ও রাইলি রুশোর সঙ্গে একই সারিতে উঠে এসেছেন এই ব্যাটার।
তবে এখানে রয়েছে বড় পার্থক্য। টি-টোয়েন্টিতে নয়টি সেঞ্চুরি করতে ফারহান খেলেছেন মাত্র ১৬৬ ম্যাচ, যেখানে কোহলি খেলেছেন ৪১৫ এবং রুশো ৩৯৩ ম্যাচ। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে তাঁর সামনে এখন শুধু বাবর আজম, যার সেঞ্চুরি সংখ্যা ১১।
বিশ্ব টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় ফারহান এখন চতুর্থ। শীর্ষে আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল (২২), এরপর বাবর আজম (১১) ও ডেভিড ওয়ার্নার (১০)। ফারহানের এই উড়ন্ত ফর্ম আসলে নতুন কিছু নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই সেঞ্চুরিসহ মোট ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন তিনি।
এমআই