Advertisement
Us Bangla Airlines
বিসিবির অ্যাডহক কমিটি: দেখে নিন ১১ সদস্যের পরিচয়

বিসিবির অ্যাডহক কমিটি: দেখে নিন ১১ সদস্যের পরিচয়

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ২২:৩২

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন করে আলোচনায় ১১ সদস্যের অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে আগের কমিটি, আর সেই জায়গায় নেতৃত্বে এসেছেন তামিম ইকবাল। আগামী তিন মাস বিসিবির দায়িত্ব সামলাবে এই কমিটি। তাদের মূল লক্ষ্য, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন।

এই কমিটিতে তামিমের সঙ্গে আছেন অভিজ্ঞতা ও ভিন্ন পটভূমির একাধিক মুখ। ক্রিকেট অঙ্গন থেকে যেমন আছেন পরিচিত নাম, তেমনি রাজনীতি ও কর্পোরেট জগতের প্রতিনিধিত্বও স্পষ্ট। ১১ সদস্যের এই কমিটিতে রাজনৈতিক পরিবার থেকে জায়গা পেয়েছে একাধিক নাম।

অ্যাডহক কমিটিতে তামিম ছাড়াও আছেন দুই সাবেক ক্রিকেটার—মিনহাজুল আবেদীন নান্নু ও আথার আলী খান। নান্নু দীর্ঘদিন জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, পরে বিসিবিতেও যুক্ত ছিলেন নানা ভূমিকায়। অন্যদিকে আথার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে ব্যারিস্টার রাশনা ইমাম শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে। 

কমিটিতে আরও আছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা রফিকুল ইসলাম ও একমি ল্যাবরেটরিজের পরিচালক ফাহিম সিনহা। এদের মধ্যে ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি পাপন এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।

একনজরে ১১ সদস্যের পরিচয়

• তামিম ইকবাল — সাবেক ক্রিকেটার
• মিনহাজুল আবেদীন — সাবেক নির্বাচক
• আথার আলী — ধারাভাষ্যকার
• রাশনা ইমাম — প্রতিমন্ত্রীর স্ত্রী
• মির্জা ইয়াসির — মির্জা আব্বাসের পুত্র
• সৈয়দ ইব্রাহিম — স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র
• ইসরাফিল খসরু — অর্থমন্ত্রীর পুত্র
• তানজীম চৌধুরী — ব্যাংক খাতের শীর্ষ ব্যক্তি
• সালমান ইস্পাহানি — শিল্পগোষ্ঠীর নেতৃত্বে
• রফিকুল ইসলাম — ক্রীড়া সংগঠক
• ফাহিম সিনহা — কর্পোরেট নির্বাহী

এমআই