১০০ তে ৯৯ পেয়ে পরীক্ষায় প্রথম আবদুর রাজ্জাক
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২০:৩০
বাংলাদেশ ক্রিকেটে কোচিং কাঠামোয় নতুন এক মাইলফলক তৈরি করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত লেভেল থ্রি কোচিং কোর্সে দাপট দেখিয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন আবদুর রাজ্জাক। ১০০ নম্বরের পরীক্ষায় ৯৯ পেয়ে শীর্ষস্থান দখল করেছেন এই বাঁহাতি স্পিনার।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিত হয় এই কোর্স। অংশ নেন দেশের ৩০ জন কোচ। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৭৫ পেলেই পাস, সেখানে প্রত্যেকেই সেই সীমা পেরিয়েছেন স্বাচ্ছন্দ্যে। ফলাফলে রাজ্জাকের পর দ্বিতীয় স্থানে আছেন হান্নান সরকার। যৌথভাবে তৃতীয় শাহরিয়ার নাফীস ও ডলার মাহমুদ।
গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ তুলে দেন বিসিবি প্রধান তামিম ইকবাল। নতুন প্রজন্মের কোচদের এই সাফল্য ভবিষ্যতের ক্রিকেট উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই আশা বোর্ডের।
এই কোর্সে অংশ নেওয়া কোচদের তালিকাও ছিল বেশ সমৃদ্ধ। সাবেক জাতীয় ক্রিকেটারদের মধ্যে ছিলেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, রবিউল ইসলাম, তুষার ইমরান, জাভেদ ওমর, নাজমুল হোসেনদের মতো পরিচিত মুখ। নারী কোচদের মধ্যেও ছিলেন ফাতেমা তুজ জোহরা।
সবশেষ ২০০৯ সালে আইসিসি ও এসিসির উদ্যোগে বাংলাদেশে লেভেল থ্রি কোর্স অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গেল বছর বিসিবির নিজস্ব আয়োজনে এই কোর্স শুরু করা হয়। নির্ধারিত মূল্যের তুলনায় বিসিবির এই উদ্যোগ ছিল বেশ সাশ্রয়ী।
এমআই