বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারেন ফক্সক্রফট
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১৬:৩০
বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের দুই সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যরা ঢাকায় পৌঁছেছে। যদিও দলটির নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার এই সফরে নেই। বড় নাম বলতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক টম লাথাম। তবে বাকি যারা আছেন, তাদের ছোট করে দেখার সুযোগ নেই। ১৫ জনের স্কোয়াডের ১০ জনই সম্প্রতি ভারত ও পাকিস্তান সিরিজে খেলেছেন। বাকি পাঁচজন এশিয়ান কন্ডিশনে খেলার মতো উপযুক্ত ও পরীক্ষিত। ইতোমধ্যে নিউজিল্যান্ড ‘এ’ দল ও যুব দলের হয়ে তারা এশিয়ায় খেলে গিয়েছেন।
বাংলাদেশের কন্ডিশনে ভালো পারফর্ম করতে পারেন, এমন একজন ক্রিকেটার ডিন ফক্সক্রফট। ব্যাটের পাশাপাশি স্পিন বোলিংয়ে পারদর্শী এই অলরাউন্ডার। ওয়ানডে ক্যারিয়ারে মাত্র একটি ম্যাচ খেলেছেন ফক্সক্রফট, সেটা ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে। মিরপুরে অভিষেক ম্যাচে শরিফুলের বলে গোল্ডেন ডাক মেরে ডাগআউটে ফিরেছিলেন তিনি। এরপর দল থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন এই অলরাউন্ডার। তবে সম্প্রতি ঘরোয়া লিগে রানের ফোয়ারা বইয়ে আবার ওয়ানডে দলে ফিরেছেন ফক্সক্রফট।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে বাংলাদেশ সিরিজে নেওয়ার অন্যতম কারণ এশিয়ান কন্ডিশন। নিচু ও মন্থর পিচে বেশ ধৈর্যশীল এই ব্যাটার। এশিয়ার বাইরের ক্রিকেটাররা যেখানে নিচু হওয়া বলে সংগ্রাম করেন, সেখানে নিচু বলকে অবলীলায় খেলেন এই অলরাউন্ডার। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলে। গেল বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করেছিলেন ফক্সক্রফট। সোহান–অঙ্কনদের বিপক্ষে খেলা দুই ওয়ানডে ম্যাচে করেছেন ১০৮ রান, যেখানে এক ম্যাচে আট নম্বরে নেমে ৬৪ বলে করেছেন ৭২ রান। তৃতীয় ওয়ানডেতে ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সঙ্গে দুই ম্যাচে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। টেস্ট ফরম্যাটে তিন ইনিংসে ৯৫ রানের সঙ্গে নিয়েছেন এক উইকেট।

নিউজিল্যান্ডের হয়ে খেলতে আসা ফক্সক্রফট যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। আফ্রিকায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার পরবর্তীতে ক্রিকেট খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডে পাড়ি জমান। ২০১৬ যুব বিশ্বকাপে প্রোটিয়া দলের সদস্য ছিলেন ফক্সক্রফট। সেই বছর বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। বলা যায়, মিরাজ–শান্তদের ব্যাচমেট ডিন ফক্সক্রফট। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই ক্রিকেটার। এশিয়া নিচু পিচে খুব একটা বেগ পেতে হয়নি তার। বিশ্বকাপে মাত্র দুই ইনিংস ব্যাট করে ৬৫ গড়ে ১২৯ রান করেন ফক্সক্রফট। পরিসংখ্যান প্রমাণ দেয়, এশিয়ান কন্ডিশনে কতটা কার্যকরী ডানহাতি এই ব্যাটার।
যুব বিশ্বকাপের পর ফক্সক্রফটের ক্রিকেট ক্যারিয়ার বেড়ে উঠেছে নিউজিল্যান্ডে। সম্প্রতি দেশটির ফ্রোড ট্রফিতে ১১ ইনিংসে ৪৩ গড়ে করেন ৪৩৫ রান, বল হাতে নিয়েছেন ২ উইকেট। তাতে ২০২৪ সালের পর এবার প্রথম নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। গেল বছর বাংলাদেশ ‘এ’ দলের স্পিনারদের বিপক্ষে ফক্সক্রফটের লড়াই ছিল চোখে পড়ার মতো। ওয়ানডেতে বাঁহাতি স্পিনার তানভীরকে পাত্তাই দেননি এই ডানহাতি ব্যাটার। টেস্টে নাঈম হাসানকে ছেড়ে কথা বলেননি তিনি। ফাস্ট বোলাররা শর্ট বল করলেই সেটাকে বাউন্ডারি ছাড়া করেছেন।
দুর্দান্ত ফর্ম আর বাংলাদেশের কন্ডিশনে দারুণ অভিজ্ঞতা—সবমিলিয়ে জাতীয় দলের জায়গাটা অর্জন করে নিয়েছেন ফক্সক্রফট। তবে তার সাফল্য আর পরিসংখ্যানের গল্প বলছে, ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘোরাতে পারেন এই কিউই অলরাউন্ডার। সাথে বল হাতে কার্যকরী অফস্পিন যোগ করবে আলাদা মাত্রা। বাংলাদেশ সিরিজে কিউই দলে নেই অলরাউন্ডার কোল ম্যাককনচি, তার ঘাটতি সামাল দিতে পারবেন ডিন ফক্সক্রফট। অন্যদিকে, অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে গোল্ডেন ডাক মারার বদলা নিতে পারেন এই কিউই অলরাউন্ডার। ঘরোয়া লিগের দুর্দান্ত ফর্ম যদি বাংলাদেশ সিরিজে অব্যাহত রাখতে পারেন, তবে স্লগ ওভারে তাসকিন–শরিফুলদের কান্নার কারণ হবেন তিনি।
এমআই