২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১৩:২৮
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর বলাই চলে। মাত্র ২০০ টাকাতেই মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ। আসন্ন এই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে সাধারণ দর্শকদের নাগালের মধ্যেই।
এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা যাবে টিকিট। আজ (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে বিক্রি। আগে ভেন্যুভেদে আলাদা করে মূল্য নির্ধারণ করা হলেও এবার একসঙ্গে প্রকাশ করা হয়েছে দুই ভেন্যুর টিকিট তালিকা।
মিরপুরে টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা, যা গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য প্রযোজ্য। এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৬০০ টাকা, আর সাধারণ গ্যালারির টিকিট ৪০০ থেকে ২০০ টাকার মধ্যে।
অন্যদিকে চট্টগ্রাম ভেন্যুতেও গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের টিকিট ২৫০০ টাকা। শহীদ স্ট্যান্ডে ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারিতে ৩০০ এবং ইস্টার্ন গ্যালারিতে রাখা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুরে। দ্বিতীয় ম্যাচ ২০ এপ্রিল একই ভেন্যুতে, আর তৃতীয়টি ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। শেষ ম্যাচটি ফিরবে মিরপুরে, ২ মে।
একনজরে দেখে নিন টিকিট মূল্য
| স্ট্যান্ড/গ্যালারি | মিরপুর স্টেডিয়াম | চট্টগ্রাম স্টেডিয়াম |
|---|---|---|
| গ্র্যান্ড স্ট্যান্ড | ২৫০০ | ২৫০০ |
| ইন্টারন্যাশনাল গ্যালারি | ১৫০০ | — |
| ইন্টারন্যাশনাল লাউঞ্জ | ১৫০০ | — |
| রুফ টপ প্যাভিলিয়ন | — | ২৫০০ |
| ক্লাব হাউজ | ৬০০ | — |
| শহীদ স্ট্যান্ড | — | ৬০০ |
| শহীদ আবু সাঈদ/নর্দার্ন | ৪০০ | — |
| ওয়েস্টার্ন গ্যালারি | — | ৩০০ |
| ইস্টার্ন গ্যালারি | ২০০ | ২০০ |
এমআই