বাংলাদেশি স্পিনারদের নিয়ে দুশ্চিন্তায় কিউই ক্রিকেটাররা
খেলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২১:৪৯
বাংলাদেশ সফরের আগে সতর্ক সুরে কথা বললেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। তার চোখে, এই সিরিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের স্পিন আক্রমণ। সীমিত ওভারের সিরিজ শুরুর আগে গণমাধ্যমে লাথাম স্পষ্ট করেই জানালেন, বাংলাদেশের মাটিতে স্পিনারদের সামলানো সহজ হবে না।
অভিজ্ঞতা আর দক্ষতায় ভরপুর এই স্পিন ইউনিটই হতে পারে কিউইদের জন্য বড় পরীক্ষা। লাথামের ভাষায়, বাংলাদেশের কন্ডিশনে স্পিন বরাবরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। অতীত রেকর্ডও সেটাই বলে। তাই এই সফরে প্রতিপক্ষের স্পিন আক্রমণকে সবচেয়ে বড় হুমকি হিসেবেই দেখছেন তিনি।
যদিও সাম্প্রতিক সময়ে উইকেট প্রস্তুতিতে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে স্পিন সহায়ক ট্র্যাকের বদলে তুলনামূলক স্পোর্টিং উইকেট দেখা গেছে। তবুও পুরনো অভিজ্ঞতা ভুলতে রাজি নন লাথাম।

তার মতে, যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। উইকেট যেমনই হোক, দ্রুত খাপ খাইয়ে নিতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব। আর সেই বিশ্বাস নিয়েই বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড দল।
এই সফরে অবশ্য পূর্ণ শক্তির দল পাচ্ছে না নিউজিল্যান্ড। আইপিএল ও পিএসএলের ব্যস্ততা, সঙ্গে ইনজুরি ও বিশ্রামের কারণে দ্বিতীয় সারির স্কোয়াড নিয়েই খেলতে আসছে তারা। তবে এটিকে দুর্বলতা হিসেবে দেখছেন না লাথাম। বরং তার মতে, দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।
আরেকটি ইতিবাচক দিকও তুলে ধরেছেন কিউই অধিনায়ক। বর্তমান দলে থাকা ছয় ক্রিকেটার গত বছর ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন। ফলে এখানকার কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা রয়েছে, যা পুরো দলের জন্য সহায়ক হতে পারে।
এমআই