‘এতদিন যা মুখে বলেছি, তামিম তা করে দেখাবে’
খেলা ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ২২:১১
বাংলাদেশ ক্রিকেটে নতুন নেতৃত্বকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। আর সেই প্রত্যাশার কেন্দ্রে আছেন তামিম ইকবাল। তাকে নিয়ে আশাবাদী কণ্ঠ শোনালেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। প্রায় ২১ মাস পর আবার বিসিবিতে পা রেখেছেন সুজন। নতুন এডহক কমিটির সভাপতি তামিমের আমন্ত্রণেই বৃহস্পতিবার সেখানে যান তিনি।
তবে এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, বরং ছিল একান্ত আলাপচারিতা। সুজন বলেন, ‘তামিম ফোন করে বলল, আপনি বোর্ডে আসেন। আমি জানতে চেয়েছিলাম কোনো মিটিং আছে কি না। সে বলল, মিটিং না—আপনার সঙ্গে দেখা করতে চাই, অনেক কথা আছে।’
এই আমন্ত্রণে সাড়া না দেওয়ার প্রশ্নই ছিল না তার কাছে। তিনি বলেন, ‘বোর্ড ছাড়ার পর কোনো সভাপতি যখন নিজে ফোন করে ডাকেন, তখন তো না বলা যায় না’। অনেক দিন পর বোর্ডে গেলেও এই যাওয়া ছিল শুধুই তামিমের সঙ্গে দেখা করার জন্য।
আড্ডায় ছিল ক্রিকেটই মূল বিষয়। সেখানে আরও কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন, আর আলোচনা ঘুরপাক খেয়েছে দেশের ক্রিকেট নিয়েই। তামিমের নেতৃত্ব নিয়ে বেশ ইতিবাচক সুজন। তার বিশ্বাস, এতদিন যেসব বিষয় শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেগুলো বাস্তবে রূপ দেবেন নতুন সভাপতি।
‘আমরা এতদিন অনেক কিছুই মুখে বলেছি, কিন্তু করতে পারিনি। আমি বিশ্বাস করি, তামিম সেগুলো করে দেখাবে,’—বলেছেন খালেদ মাহমুদ সুজন।
তামিমের কাজের প্রতি মনোভাব নিয়েও আস্থা রাখেন সুজন। ছোটবেলা থেকেই তার নিষ্ঠা, অনুশীলনের প্রতি গুরুত্ব আর ক্রিকেট নিয়ে সিরিয়াস মনোভাব দেখেছেন তিনি। সেই একই মানসিকতা এখন প্রশাসনিক দায়িত্বেও প্রতিফলিত হবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার।
এমআই