Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের আদলে শুরু হচ্ছে ‘আফ্রিকা কাপ’

এশিয়া কাপের আদলে শুরু হচ্ছে ‘আফ্রিকা কাপ’

খেলা ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২২:৫৩

এশিয়া কাপের সাফল্য এবার ছড়িয়ে পড়ছে আফ্রিকায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আদলে আফ্রিকার দেশগুলোকে নিয়ে নতুন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও আইসিসির সহযোগী আফ্রিকার দেশগুলো নিয়ে গঠিত এই টুর্নামেন্টের নাম হাতে পারে ‘আফ্রিকা টি-টোয়েন্টি কাপ’।

আইসিসি ইভেন্টের বাইরে আঞ্চলিক ক্রিকেটে এশিয়া কাপ যেমন মর্যাদাপূর্ণ আসর হয়ে উঠেছে, ঠিক তেমনই একটি প্রতিযোগিতা গড়ে তুলতে চায় আফ্রিকার ক্রিকেট সংস্থাগুলো। সেই লক্ষ্যেই শুরু হয়েছে পরিকল্পনা। ইতোমধ্যে এই টুর্নামেন্ট বাস্তবায়নের প্রাথমিক কাজও এগিয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে করা হয়েছে টুর্নামেন্টের চেয়ারম্যান। তবে ২০২৭ সালের আগে এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

বর্তমানে টুর্নামেন্টের সূচি, অংশগ্রহণকারী দল এবং বাছাই পদ্ধতি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ব্যস্ত আন্তর্জাতিক সূচির বিষয়টি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাদের সময়সূচির সঙ্গে সমন্বয় করেই আয়োজন চূড়ান্ত করতে হবে আয়োজকদের।

একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা নীতিগতভাবে এই টুর্নামেন্টে আগ্রহী। তবে তারা প্রথম সারির দল পাঠাতে পারবে কি না, সেটি নির্ভর করবে তাদের আন্তর্জাতিক ব্যস্ততার ওপর।

এদিকে মূল টুর্নামেন্টের আগে পরীক্ষামূলক আয়োজন হিসেবেও ভাবা হচ্ছে একটি ত্রিদেশীয় সিরিজ। জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনকে ঘিরে এই সিরিজ হতে পারে, যেখানে নামিবিয়াও অংশ নিতে পারে।

এমআই