Advertisement
Us Bangla Airlines
স্পিন বোলিং কোচ রফিকের কাজের পরিধি জানা গেল

স্পিন বোলিং কোচ রফিকের কাজের পরিধি জানা গেল

খেলা ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ১৯:৪২

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিনের অন্যতম উজ্জ্বল নাম মোহাম্মদ রফিক। মাঠে তাঁর ঘূর্ণির জাদু একসময় ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে বারবার। কিন্তু খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে পা রাখলেও দীর্ঘদিন জাতীয় পর্যায়ে বড় সুযোগ পাননি এই সাবেক বাঁহাতি স্পিনার।

এক বছরের চুক্তিতে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে রফিককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত শনিবার বোর্ড সভায় চূড়ান্ত হয় এ সিদ্ধান্ত। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

তবে নিয়োগের পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, রফিক ঠিক কোন দলে কাজ করবেন? জাতীয় দল, নাকি নির্দিষ্ট কোনো স্কোয়াড? সেই জট খুললেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। সোমবার তিনি স্পষ্ট করে জানান, রফিকের দায়িত্ব কোনো একক দলের মধ্যে সীমাবদ্ধ নয়।

নাফীস বলেন, ‘রফিক মূলত বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। তবে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকবেন না। জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯, হাই পারফরম্যান্স (এইচপি) কিংবা বাংলাদেশ টাইগার্স—সব দলের সঙ্গেই কাজ করবেন তিনি।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, অভিজ্ঞ এই স্পিনারকে ব্যবহার করা হবে একজন মেন্টর হিসেবে। তরুণ স্পিনারদের দক্ষতা শানিত করা, বিভিন্ন স্কোয়াডে ঘুরে ঘুরে পরামর্শ দেওয়া এবং দেশের স্পিন বোলিং শক্তিকে আরও সমৃদ্ধ করাই হবে তাঁর মূল দায়িত্ব।

এমআই