Advertisement
Us Bangla Airlines
আইপিএলের বদলে পিএসএলে খেলার কারণ জানালেন জাম্পা

আইপিএলের বদলে পিএসএলে খেলার কারণ জানালেন জাম্পা

খেলা ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ২৩:০১

অ্যাডাম জাম্পা এবার আইপিএলকে বাদ দিয়ে পিএসএল বেছে নিয়েছেন। সাধারণত অনেক ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করতে আগ্রহী হন, কারণ সেখানে জনপ্রিয়তা, সুযোগ এবং আর্থিক সুবিধা বেশি। কিন্তু জাম্পা স্রোতের উল্টো পথে হাঁটলেন।

জাম্পা আইপিএলের গত বছরের মিনি নিলামে অংশ নেননি। শুরুতে বিশ্রামের পরিকল্পনা থাকলেও পরে পিএসএলে খেলার সুযোগ বিবেচনা করেন। পরে করাচি কিংসের সঙ্গে চুক্তি হয় এবং চলতি আসরে তিনি ২টি ম্যাচ খেলেই ৩ উইকেট নিয়েছেন।

জাম্পা এআরওয়াই নিউজকে বলেছেন, ‘আইপিএল দীর্ঘ সময় ধরে হয়। আমার স্কিলসেট অনুযায়ী এখানে পারিশ্রমিকও উপযুক্তভাবে পাওয়া যায় না। তাই পিএসএল, যেখানে কম সময়ের টুর্নামেন্টে খেলার সুযোগ এবং প্রায় ২ কোটি টাকার পারিশ্রমিক রয়েছে, আমার কাছে যৌক্তিক মনে হয়।’

আইপিএলের গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদ জাম্পাকে ৩ কোটির বেশি টাকায় নিয়েছিল। সেবার মাত্র ২টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে অভিষেকের পর থেকে আইপিএলে ২২ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন ২১.০৩ গড় ও ৮.৩৮ ইকোনমিতে।

জাম্পা আরও বলেছেন, ‘আইপিএল খেলা আমার জন্য আর্থিকভাবে সঠিক নয়। পিএসএলের মতো কম সময়ের টুর্নামেন্ট আমার জন্য বেশি যুক্তিসঙ্গত।’ পিএসএলের এবারের আসরে মোট ম্যাচ সংখ্যা ৪৪, যেখানে দুই মাসব্যাপী আইপিএলে ম্যাচের সংখ্যা ৭৪। প্রায় এক মাস আগে পিএসএলের সুযোগ নজরে আসে জাম্পার, যা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণ হয়।

এমআই