Advertisement
Us Bangla Airlines
সালমান আগার সেই রান আউট নিয়ে যা বলছে এমসিসি

সালমান আগার সেই রান আউট নিয়ে যা বলছে এমসিসি

খেলা ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ২১:২৩

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে সালমান আগাকে রান আউট করেছিল মেহেদী মিরাজ। অপ্রচলিত এই রান আউটকে ঘিরে বিতর্ক কম হয়নি। এবার সেই বিতর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সালমান আগার রান আউটের সিদ্ধান্ত আইন অনুযায়ী একেবারেই সঠিক ছিল।

ঢাকার মিরপুরে দ্বিতীয় ওয়ানডের ৩৯তম ওভারে বল করছিলেন মেহেদী হাসান মিরাজ। স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ান বলটি বোলারের দিকে ঠেলে দিলে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা আগা সিঙ্গেল নিতে এগিয়ে যান। এ সময় মিরাজের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এরপর আগা বলটি সরাতে বা ধরতে চেষ্টা করেন। সেই সুযোগে মিরাজ বল কুড়িয়ে স্টাম্পে আঘাত করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে—ধাক্কার পর বল ‘ডেড’ হয়ে গিয়েছিল কি না। তবে এমসিসি তাদের ব্যাখ্যায় জানিয়েছে, শুধুমাত্র সংঘর্ষ ঘটলেই বল ডেড হয় না, যদি না সেই সংঘর্ষে গুরুতর চোট না ঘটে। যেহেতু সালমান কোনো চোটে পড়েনি, ফলে ওই পরিস্থিতিতে বল ‘লাইভ’ ছিল এবং তাই রান আউটটি বৈধ।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ফিল্ডিং দলের অনুমতি ছাড়া কোনো ব্যাটার বল স্পর্শ করলে তাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট দেওয়ার সুযোগও থাকে।

তবে আইনের পাশাপাশি ‘স্পিরিট অব ক্রিকেট’-এর বিষয়টিও উল্লেখ করেছে এমসিসি। তাদের মতে, আগা হয়তো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে এবং অনিচ্ছাকৃত ধাক্কার পর তিনি ফিল্ডারকে সাহায্য করতে চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে অধিনায়ক চাইলে আপিল তুলে নেওয়ার সুযোগও ছিল।

এমআই