Advertisement
Us Bangla Airlines
নতুন বার্তা দিলেন মোস্তাফিজ

নতুন বার্তা দিলেন মোস্তাফিজ

খেলা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৬, ২০:১১

আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ভারতের সিদ্ধান্তের পর থেকেই মোস্তাফিজুর রহমান যেন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। একের পর এক নাটকীয় ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেটপাড়ায় জন্ম নিচ্ছে নানা জল্পনা-কল্পনা, প্রশ্ন আর বিশ্লেষণ। ঠিক এমন উত্তাল মুহূর্তেই নিজের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী স্ট্যাটাসে মোস্তাফিজ লিখেছেন, “Eyes on the field, mind on the win!” অর্থাৎ—চোখ মাঠে, মন জয়ের দিকেই। মাত্র চার শব্দের এই বার্তাতেই যেন যাবতীয় আলোচনা-সমালোচনার জবাব দিয়ে দিলেন তিনি।

বাইরের কোলাহল, অনিশ্চয়তা কিংবা বিতর্ক—কোনোটাই যেন তাঁর মনোযোগ টলাতে পারেনি। বরাবরের মতোই মোস্তাফিজ বুঝিয়ে দিলেন, তাঁর উত্তর আসবে মাঠেই, বল হাতে। আইপিএল ইস্যুতে যত কথাই উঠুক, নিজের লক্ষ্য যে একটাই। ক্রিকেটে সেরাটা দেওয়া।

মোস্তাফিজের লক্ষ্যটা অবশ্য ফুটে ওঠেছে চলমান বিপিএলে। রংপুর রাইডার্সের জার্সিতে প্রতি ম্যাচেই পারফর্ম করে যাচ্ছেন এই ক্রিকেটার। কোনোদিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া, কোনোদিন আবার স্লগ ওভারে কিপটে বোলিংয়ে ব্যাটারদের নাস্তানাবুদ। সবটাই দেখা যাচ্ছে কাটার মাস্টারের বোলিংয়ে।

মোস্তাফিজের প্রশংসায় চট্টগ্রামের কোচ তুষার ইমরান বলেন, ‘মোস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, শেষ চার ওভারে। গতকাল (পরশু) শেষ ২ ওভারে ৬ রান দিয়েছে। রংপুর এখানেই জিতে যাচ্ছে প্রতিদিন। মোস্তাফিজের কারণে উইকেটও পড়ছে, আবার রানও আসছে না। এই দুটো মিলিয়েই সমস্যা তৈরি হচ্ছে।’

এমআই