Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ২২:৫৮

চমক রেখেই বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ইনজুরি কাটিয়ে একসঙ্গে দলে ফিরেছেন তিন পেসার, যা কিউই বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। দলে জায়গা পেয়েছেন উইল ও’রুর্ক, ব্লেয়ার টিকনার এবং ম্যাট ফিশার।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তিন পেসারের প্রত্যাবর্তনে শক্তি বেড়েছে পেস ইউনিটে। পিঠের ইনজুরিতে ভুগছিলেন ও’রুর্ক, টিকনার ছিলেন গোড়ালির চোটে, আর ফিশারও ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, গত কয়েক মাস ধরে এই তিন পেসার নিজেদের ফিট করে তুলতে কঠোর পরিশ্রম করেছেন।

সাদা বলের দলে প্রত্যাবর্তন ঘটেছে অফস্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এদিকে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে নজর কাড়া পারফরম্যান্সের সুবাদে দলে ঢুকেছেন মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা জেডেন লেনক্স রয়েছেন অভিষেকের অপেক্ষায়।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে কিউইরা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল, ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুরে, আর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একনজরে নিউজিল্যান্ড স্কোয়াড

ওয়ানডে: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

এমআই