Advertisement
Us Bangla Airlines
৩৪১ রানের ম্যাচে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

৩৪১ রানের ম্যাচে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১৭:০৩

রানের ঝড়, ব্যাটিং ঝলক আর তরুণদের দাপটে ভরপুর এক সিরিজ। পিছিয়ে পড়েও উত্তেজনাময় এই সিরিজে শেষ হাসিটা হেসেছে দক্ষিণ আফ্রিকা। পরীক্ষামূলক স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে ছিল রানের বন্যা। ৩৪১ রানের এই হাই-স্কোরিং লড়াইয়ে শেষ পর্যন্ত ৩৩ রানের জয় তুলে নেয় কেশব মহারাজের দল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।

এই জয়ের নায়ক নিঃসন্দেহে কনর ইস্টারহাউজেন। মাত্র ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ১১তম ওভারে যখন ক্রিজে আসেন, দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তখন ২ উইকেটে ৭৬। সেখান থেকে তার ঝড়ো ব্যাটেই স্কোর গিয়ে দাঁড়ায় ১৮৭।

এর আগের ম্যাচেও ফিফটি করা ইস্টারহাউজেন সিরিজের শেষটায় নিজেকে ছাপিয়ে গেছেন। অবশ্য নিউজিল্যান্ডের ফিল্ডিংও প্রশ্ন তুলেছে, গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ক্যাচ ফসকে গেছে তাদের হাত থেকে। যদিও একটি দৃষ্টিনন্দন ক্যাচে রুবিন হারমানকে ফেরান নিক কেলি। হারমানও কম যাননি, ৩৯ রানের কার্যকর ইনিংসে দলকে এগিয়ে নিয়েছিলেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই ২ রান করে ফেরেন কেটেন ক্লার্ক। এরপর টিম রবিনসন (২৫) ও ডেন ক্লিভার (২২) চেষ্টা করলেও ম্যাচে ফেরার মতো বড় ইনিংস গড়তে পারেননি। বেভন জ্যাকবস ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, অধিনায়ক জিমি নিশাম করেন ২৪।

পুরো সিরিজজুড়েই নতুনদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য ছিল দুই দলের। সেই পরীক্ষায় তিন ম্যাচ পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষবেলায় এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম, চতুর্থ ও পঞ্চম ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে ট্রফি তুলে নেয় প্রোটিয়ারা।

এমআই