এত কাছে গিয়েও বাদ পড়ল লাহোর
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ২০:০৬
সমীকরণটা ছিল হাতে, কিন্তু নিয়ন্ত্রণটা ছিল অন্যের। তাই শেষ পর্যন্ত ভাগ্যও ফিরল না লাহোর কালান্দার্সের। রাওয়ালপিণ্ডির দিকে তাকিয়ে থাকা দলটি শেষমেশ দেখল, হায়দরাবাদের দাপটে কীভাবে আশার আলো নিভে যায়। প্লে-অফে উত্তীর্ণ হওয়ার খুব কাছে গিয়ে থামল গত আসরের চ্যাম্পিয়নরা।
প্লে-অফে ওঠার সমীকরণটা জটিল হলেও অসম্ভব ছিল না। রাওয়ালপিণ্ডি জিতলেই সুযোগ মিলত লাহোরের। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই হতাশ করা দলটির ওপর ভরসা রাখা যে ঝুঁকিপূর্ণ, সেটাই আবারও প্রমাণ করল মোহাম্মদ রিজওয়ানের দল। ম্যাচ জেতা তো দূরের, সমীকরণের অঙ্কটাও ছুঁতে পারেননি।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে ২৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ কিংসমেন। লাবুশানদের সামানে সমীকরণ ছিল পরিষ্কার—শুরুতে ব্যাট করলে অন্তত ৮৫ রানে জিততে হবে তাদের, নইলে প্লে-অফে যাবে লাহোর। সেই চাপে রাওয়ালপিণ্ডির লক্ষ্য দাঁড়ায় ১৫৯ রান।
কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে আবারও ভেঙে পড়ে রাওয়ালপিণ্ডি। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে। ফলে দাপুটে জয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্লে-অফ নিশ্চিত করে হায়দরাবাদ কিংসমেন। অন্যদিকে, শেষদিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও শেষ রক্ষা হলো না লাহোর কালান্দার্সের।
উল্লেখ্য, লাহোর কালান্দার্সে গেল আসরে খেলেছিলেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের শেষ দিকে যোগ দিয়েছেন সাকিব-মিরাজ। তিন বাংলাদেশিই পেয়েছিলেন শিরোপা জয়ের স্বাদ। এবার লাহোরের হয়ে খেলেছিলেন ইমন-মোস্তাফিজ। ইনজুরির কারণে অবশ্য গ্রুপ পর্বের শেষ পর্যন্ত থাকতে পারেননি তারা।
এমআই