রিশাদকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মিরাজ
খেলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯
নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তবে জয়ের উচ্ছ্বাসের মাঝেই আলোচনায় এক প্রশ্ন। কেন একাদশে ছিলেন না লেগ স্পিনার রিশাদ হোসেন?
সিরিজের প্রথম দুই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন রিশাদ। তবে পার্ট টাইম বোলার ব্যবহার করায় দ্বিতীয় ম্যাচে করেছেন কেবল ৫ ওভার, নিয়েছেন উইকেটও। তবে তৃতীয় ম্যাচের একাদশে রিশাদকে না দেখে অনেকেই বিস্মিত। তার জায়গায় সুযোগ পান স্পিনার তানভীর ইসলাম। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন।
মিরাজ বলেন, ‘রিশাদ গ্রেট বোলার, দলের জন্য খুবই জরুরি। আমরা তাকে এমন জায়গায় ব্যবহার করেছি, যেখানে দলের লাভ বেশি। বল সফট হয়ে গেলে ওকে আক্রমণে আনলে ভালো ফল পাওয়া যায়। উপরে হয়তো সবসময় ব্যবহার করিনি, ভবিষ্যতে করব।’
পুরো ১০ ওভার না করানোর বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা দেন তিনি। ‘দলে যখন ৫-৬ জন বোলিং অপশন থাকে, তখন সবার কোটা পূর্ণ হয় না। এটা শুধু রিশাদের ক্ষেত্রে না—আমার, মোস্তাফিজুর রহমান সবার ক্ষেত্রেই হতে পারে। এখানে মূল বিষয় পারফরম্যান্স।’
রিশাদকে বিশ্রামে রাখার পেছনে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন মিরাজ। ‘আমরা চাই একটি শক্ত কম্বিনেশন গড়ে তুলতে। সবাইকে সুযোগ দিলে আত্মবিশ্বাস বাড়ে। তানভীর আগের সিরিজগুলোতে ভালো করলেও কম্বিনেশনের কারণে খেলতে পারেনি। তাই আমরা খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছি।’
এমআই