Advertisement
Us Bangla Airlines
তামিমকে ধন্যবাদ জানালেন আফ্রিদি

তামিমকে ধন্যবাদ জানালেন আফ্রিদি

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬, ১৬:৫০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। এবার তাঁর দিকেই কৃতজ্ঞতা জানালেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

মূলত দুই বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে অতিরিক্ত একটি ম্যাচ খেলতে দেওয়ার সিদ্ধান্তেই তামিমের প্রতি এই ধন্যবাদ জানান আফ্রিদি। চুক্তি অনুযায়ী ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) ছিল তাঁদের। তবে পেশোয়ার জালমির অনুরোধে বিসিবি আরও এক ম্যাচ খেলার অনুমতি দেয় এই দুই ক্রিকেটারকে।

সামাজিক মাধ্যমে তামিমকে উদ্দেশ করে আফ্রিদি লেখেন, ‘তামিম ভাই, গত দুই ম্যাচে নাহিদ ও শরীফুলকে খেলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। জালমি ভক্তরা তাঁদের ওয়ানডে শেষ হওয়ার পর দ্রুতই দলে আবার দেখতে চান। অনেক দোয়া ও ভালোবাসা।’

১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলবে, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ এপ্রিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলা নাহিদকে হয়তো টি-টোয়েন্টি সিরিজে রাখা হবে না। সেই কারণেই ওয়ানডে শেষে নাহিদকে দলে চান আফ্রিদি।

এবারের পিএসএলে দারুণ ছন্দে ছিলেন নাহিদ রানা। চার ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। একই সংখ্যক উইকেট পেয়েছেন আরও তিন বোলার, তবে ইকোনমিতে এগিয়ে থাকায় আলোচনায় ছিলেন এই তরুণ বাংলাদেশি পেসার। পাশাপাশি শরীফুল ইসলামও শেষ ম্যাচে মাঠে ছিলেন। পাঁচ ম্যাচে ৭.৯৩ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট।

এমআই