Advertisement
Us Bangla Airlines
ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা

খেলা ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১৫:৩০

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে এবার হাসি ব্রাজিল শিবিরে। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অন্যদিকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিকেলমে হেনরিক। একটি গোল যোগ করেন এদুয়ার্দো কন্সেকাও। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখায় সেলেসাও যুব দল, যার ফল আসে গোলের পর গোল।

এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী নভেম্বরে কাতারে বসতে যাওয়া আসরে তারা এখন অপরাজিত দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। অন্যদিকে এই ম্যাচে হেরে প্রথম সুযোগ মিস করল আর্জেন্টিনা।

তবে হারের পরও টেবিলের ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তাদের পেছনে রয়েছে ভেনেজুয়েলা ও বলিভিয়া, যাদের পয়েন্ট ৪। একেবারে তলানিতে পেরু, কোনো পয়েন্ট ছাড়াই।

আর্জেন্টিনার সামনে এখন শেষ সুযোগ বলিভিয়ার বিপক্ষে। ওই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও পেয়ে যেতে পারে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাত ২টায়।

তবে ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে পৌঁছায়। দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এক পর্যায়ে আর্জেন্টিনার খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে পরবর্তী ম্যাচে তাকে পাবে না দল।

এমআই