Advertisement
Us Bangla Airlines
বিপিএল খেলতে আসা ইতালির ক্রিকেটার এখন ইংল্যান্ড দলে

বিপিএল খেলতে আসা ইতালির ক্রিকেটার এখন ইংল্যান্ড দলে

খেলা ডেস্ক

১৩ মে ২০২৬, ১৯:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের স্কোয়াডে ছিলেন এমিলিও গে। এবার সেই ইতালির ক্রিকেটার জায়গা করে নিলেন ইংল্যান্ডের টেস্ট দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক এই ২৬ বছর বয়সী ওপেনার।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার দল ঘোষণা করে। আর সেই তালিকায় নতুন মুখ হিসেবে নজর কাড়েন এমিলিও গে। ইংল্যান্ডের বেডফোর্ডে জন্ম হলেও তাঁর মায়ের সূত্রে ইতালির নাগরিকত্ব রয়েছে। সেই কারণেই গত বছর ইতালির জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।

ইতালির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে আলোচনায় নিয়ে আসে। তানজানিয়ার বিপক্ষে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও টানা দুটি হাফ সেঞ্চুরি করে নজর কাড়েন এই ওপেনার। এরপর থেকেই ইংল্যান্ডের নির্বাচকদের নজরে ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ওপেনিংয়ে খেলা জ্যাক ক্রাউলিকে এবার দলে রাখা হয়নি। তাঁর জায়গাতেই সুযোগ পেয়েছেন এমিলিও গে। ধারণা করা হচ্ছে, আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বেন ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে।

শুধু এমিলিও গেই নন, প্রথমবারের মতো ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার সনি বেকার ও উইকেটকিপার-ব্যাটার জেমস রিউও। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড।

এদিকে চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরছেন বেন স্টোকস। দীর্ঘ অপেক্ষার পর দলে ফিরে নেতৃত্ব দেবেন তিনি। নিয়মিত মুখ হিসেবে স্কোয়াডে আছেন জো রুট, হ্যারি ব্রুক ও বেন ডাকেট। এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আবারও টেস্ট দলে ফিরেছেন পেসার ওলি রবিনসন।

ইংল্যান্ড স্কোয়াড (প্রথম টেস্ট)

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রিউ, ওলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

এমআই