১৩ রানের জন্য ইতিহাস গড়তে পারলেন না শান্ত
খেলা ডেস্ক
১২ মে ২০২৬, ১৪:৫৮
আর মাত্র ১৩ রান। তাহলেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলতেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত থামতে হয়েছে ৮৭ রানে। সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে আক্ষেপ নিয়েই ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক।
এই ইনিংসটি শতকে রূপ দিতে পারলে টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তির অংশ হয়ে যেতেন শান্ত। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব এর আগেও আছে তার। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সেই নজির গড়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষেও যদি শতক পেতেন, তাহলে তিনটি আলাদা টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ব্যাটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতেন।
টেস্ট ইতিহাসে এমন কীর্তি গড়তে পেরেছেন মাত্র তিন কিংবদন্তি—সুনীল গাভাস্কার, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং। শান্ত ছিলেন সেই এলিট ক্লাবে নাম লেখানোর দোরগোড়ায়। কিন্তু একটি ভুল শটই থামিয়ে দিল সম্ভাবনাময় সেই যাত্রা।
তবু শান্তর এই ইনিংস বাংলাদেশের জন্য আশার বার্তাই দিচ্ছে। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতার ছাপ রাখতে শুরু করেছেন তিনি। ব্যাট হাতে আত্মবিশ্বাসও দেখা যাচ্ছে স্পষ্ট। তাই এই আক্ষেপ হয়তো সাময়িক। সামনে আরও বড় মঞ্চে, আরও বড় ইনিংসে সেই অপূর্ণতা পূরণ করার সুযোগ থাকছেই।
এমআই