Advertisement
Us Bangla Airlines
২ রান করলেই নতুন ইতিহাস গড়বেন মুশফিক

২ রান করলেই নতুন ইতিহাস গড়বেন মুশফিক

খেলা ডেস্ক

০৮ মে ২০২৬, ২১:৫২

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আরেকটি মাইলফলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৪৮ রানে অপরাজিত থাকা এই অভিজ্ঞ ব্যাটারের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি।

মাত্র ২ রান করলেই বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এককভাবে নিজের করে নেবেন মুশফিক। বর্তমানে এই তালিকায় যৌথভাবে তামিমের সঙ্গে শীর্ষে আছেন তিনি। দুজনেরই পঞ্চাশোর্ধ্ব ইনিংস সংখ্যা ৪১টি।

তবে সংখ্যার পেছনের গল্পটাও বেশ আকর্ষণীয়। ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে মুশফিক করেছেন ১৩টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি। অন্যদিকে তামিম ইকবালের রয়েছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের তালিকায় এরপরই আছেন মুমিনুল হক। সাবেক এই অধিনায়কের সংগ্রহ ৩৯টি। আর সাকিব আল হাসানের আছে ৩৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

মিরপুর টেস্টের প্রথম দিনে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিক। চেনা আগ্রাসনের বদলে ধৈর্য আর অভিজ্ঞতায় ইনিংস গড়েছেন তিনি। ১০৪ বল মোকাবিলা করে দিন শেষ করেছেন ৪৮ রানে অপরাজিত থেকে।

এখন দ্বিতীয় দিনের অপেক্ষা। আর সেই অপেক্ষা কেবল বাংলাদেশের বড় সংগ্রহের জন্য নয়, মুশফিকের নতুন ইতিহাস দেখারও।

এমআই