Advertisement
Us Bangla Airlines
এপ্রিলের মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাহিদ রানা

এপ্রিলের মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাহিদ রানা

খেলা ডেস্ক

০৮ মে ২০২৬, ১৬:০৭

বাইশ গজে গতি আর আগ্রাসনের নতুন প্রতীক হয়ে উঠছেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত বোলিংয়ে সিরিজ জয়ের নায়ক হওয়া এই তরুণ পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিলের সেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করে আইসিসি। সেখানে বাংলাদেশের নাহিদ রানার সঙ্গে রয়েছেন ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগুনঝরা বোলিং করেন নাহিদ। তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট। গড় ছিল ১৬.৭৫, ইকোনমি রেট ৪.৪৬। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন এই ডানহাতি পেসার। সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে নেন যথাক্রমে ১ ও ২ উইকেট।

নাহিদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। পুরো সিরিজে অসাধারণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জেতেন সিরিজসেরার পুরস্কারও।

মনোনয়নের তালিকায় থাকা ওমানের অধিনায়ক ও ওপেনার জাতিন্দর সিংও কাটিয়েছেন দারুণ এক মাস। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–২ এ পাঁচ ওয়ানডেতে তিনি করেন ২৬৬ রান। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৫১ রানের ইনিংস। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে নেপালের বিপক্ষে তার ৯৬ বলে ১৩০ রানের ঝড়ো ইনিংস।

তালিকার আরেক ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথম দুই ওয়ানডেতেই তুলে নেন ৯ উইকেট। তার বোলিং গড় মাত্র ৭.৬৬, ইকোনমি রেট ৩.৬৬। নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট শিকার করে নজর কাড়েন অজয়।

এমআই