ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ইয়েশা সাগরের প্রেমের গুঞ্জন
খেলা ডেস্ক
০১ মে ২০২৬, ২০:২২
বিপিএল মাতানো পরিচিত মুখ ও ক্রীড়া উপস্থাপনায় দ্রুত উত্থান। সবকিছুর পর এবার ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনে শিরোনামে ইয়েশা সাগর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় তরুণ ক্রিকেটার সামির রিজভির সঙ্গে তার প্রেমের খবর ঘুরছে জোরেশোরে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর চলাকালেই এই গুঞ্জনের সূত্রপাত। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে থাকা রিজভিকে ঘিরে আলোচনা বাড়তেই একটি রেডিট পোস্টে তার সঙ্গে ইয়েশার নাম জড়িয়ে যায়, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি।

বিভিন্ন ম্যাচে ইয়েশার উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে জল্পনা। অনেকের দাবি, রিজভির ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তাকে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, আর এই সম্পর্ক নিয়ে তারা এখনো পর্যন্ত কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
পরিচয়ের সূত্র নিয়ে ভক্তদের ধারণা, ইউপি টি-টোয়েন্টি লিগে কাজ করতে গিয়েই দুজনের পরিচয়। সেই লিগে অধিনায়ক ছিলেন রিজভি, সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে।
ভারতের লুধিয়ানায় জন্ম নেওয়া ইয়েশা পরে কানাডায় স্থায়ী হন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি গিপ্পি গ্রেওয়াল ও পরমিশ ভার্মার সঙ্গে কাজ করে পরিচিতি পান, এরপর ক্রীড়া উপস্থাপনায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিপিএল, আইপিএলসহ আইসিসি ইভেন্টেও দেখা মিলেছে তার।

অন্যদিকে, আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে সম্ভাবনার ঝলক দেখিয়েছেন রিজভি। দিল্লির হয়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন এই তরুণ ব্যাটার। তবে এর মাঝেই তার ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও বাড়তে থাকে সমানতালে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ মৌসুমে চিটাগং কিংসের হোস্ট ছিলেন ইয়েশা সাগর। উপস্থাপনায় নজর কাড়লেও পারিশ্রমিক জটিলতায় মাঝপথেই বাংলাদেশ ছাড়তে হয়েছিল তাকে, যা তখনও আলোচনায় ছিল। এবার প্রেমের গুঞ্জনে আবারও শিরোনামে এসেছেন তিনি।
এমআই