র্যাংকিংয়ে বাংলাদেশি স্পিনারের ৪৮ ধাপ উন্নতি
খেলা ডেস্ক
০৫ মে ২০২৬, ১৮:২৩
দলীয় ফল হতাশাজনক, কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল কিছু নাম। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবু আইসিসির সর্বশেষ র্যাংকিং হালনাগাদে স্বস্তির খবর এনে দিয়েছেন কয়েকজন ক্রিকেটার।
সবচেয়ে বড় আলো ছড়িয়েছেন স্পিনার সুলতানা খাতুন। তিন ম্যাচের সিরিজে ৬ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। ১০ ওভার বল করে মাত্র ৫৮ রান খরচে তার সেরা বোলিং ৬ রানে ৩ উইকেট। গড়েও ছিলেন দুর্দান্ত, প্রতিটি উইকেটের জন্য খরচ করেছেন মাত্র ৯.৬৬ রান।
এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে র্যাংকিংয়ে বড় উত্থান। এক লাফে ৪৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় উঠে এসেছেন ৩৮ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে যা সর্বোচ্চ উন্নতি।
ব্যাট হাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। শারমিন আক্তার সুপ্তা এগিয়েছেন ১০ ধাপ, এখন তিনি ৩৭ নম্বরে। দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে আছেন ৫৫তম স্থানে। আর স্বর্ণা আক্তার ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬২ নম্বরে।
তবে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। তার ঠিক পেছনে ৭৮৮ পয়েন্ট নিয়ে বেথ মুনি। দুই পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট। এছাড়া হেইলি ম্যাথিউস ও স্মৃতি মান্ধানা যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান ধরে রেখেছেন।
এমআই