Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, গ্রেপ্তার ২ ক্রিকেটার

শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, গ্রেপ্তার ২ ক্রিকেটার

খেলা ডেস্ক

০১ মে ২০২৬, ১৫:৩৭

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে আগে থেকেই চাপের মুখে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটে এবার যোগ হলো নতুন বিতর্ক। এক নিন্দনীয় ঘটনায় দেশটির অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোর্ডের পরিচালনা পর্ষদ পরিবর্তনের মাঝে এমন ঘটনা তৈরি করেছে ব্যাপক চাঞ্চল্য।

অভিযোগ অনুযায়ী, কলম্বোর নারাহেনপিটা এলাকায় একটি বেসরকারি হোটেলে অবস্থানরত নারী চিকিৎসকদের গোপনে ভিডিও ধারণ করেন ওই দুই ক্রিকেটার। চিকিৎসকেরা সেখানে একটি পেশাগত সম্মেলনে অংশ নিতে ছিলেন। সুযোগ নিয়ে বাথরুমের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে গোসলের দৃশ্য ধারণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাদের। আগামী ২৫ মে আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি মিরর-এর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নারাহেনপিটা থানার পুলিশ এই দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। তদন্ত সংশ্লিষ্টরা আরও খতিয়ে দেখছেন, ধারণ করা ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। একইসঙ্গে অভিযোগ উঠেছে, একই স্থানে থাকা কিছু পুরুষের ভিডিওও ধারণ করা হয়েছিল।

এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কার ক্রিকেটের শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড নিয়ে। এর আগে ২০২২ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ চলাকালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দানুশকা গুনাথিলাকা। এছাড়া সাবেক ক্রিকেটার দুলিপ সমারাভিরা নারী কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ২০ বছরের নিষেধাজ্ঞা পান।

এমআই