Advertisement
Us Bangla Airlines
নাহিদ এটা কী দেখালেন!

নাহিদ এটা কী দেখালেন!

খেলা ডেস্ক

০৪ মে ২০২৬, ১৬:০৯

চাপ, ফাইনাল, বড় মঞ্চ সবকিছুকে ছাপিয়ে এক ঝলকে আলো কেড়ে নিলেন নাহিদ রানা। গড়পড়তা শুরুর পর হঠাৎই যেন ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিলেন এই টাইগার পেসার। ব্যাট হাতে ভয়ঙ্কর বলে পরিচিত ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফেরানোই ছিল সেই মোড় ঘোরানো মুহূর্ত, যা বদলে দেয় ম্যাচের গল্প।

শুধু গতি নয়, নিয়ন্ত্রিত বাউন্সার আর নিখুঁত ইয়র্কারের মিশেলে এক পূর্ণাঙ্গ স্পেল উপহার দেন নাহিদ। মিড অন অঞ্চলে ক্যাচ তুলে ম্যাক্সওয়েলের বিদায়, এই এক বলেই যেন আত্মবিশ্বাস ফিরে পায় বাবর আজমের দল। পেশওয়ারের ডাগআউটে তখন উচ্ছ্বাস, আর প্রতিপক্ষ শিবিরে চাপের ছায়া।

এরপর হুনাইন শাহ ছক্কা মেরে যখন পাল্টা বার্তা দিতে চেয়েছিলেন, ঠিক পরের ওভারেই জবাব দেন নাহিদ। ১৪৬ কিমি গতির এক দৃষ্টিনন্দন ইয়র্কার, ব্যাট নামানোর আগেই স্টাম্প ছিটকে যায়। এমন ডেলিভারিতে বিশ্বের সেরা ব্যাটাররাও পড়েন বিপদে, সেখানে হুনাইনের সামনে ছিল নিঃশর্ত আত্মসমর্পণ।

নাহিদের বোলিং স্পেল ৪ ওভার ১ মেডেন ২২ রান ২ উইকেট। সংখ্যাই বলে দেয় কতটা প্রভাব বিস্তার করেছেন তিনি। এই স্পেলে থাকা মেডেন ওভার তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। পিএসএলের ফাইনালে মেডেন ওভার করা গুটিকয়েক বোলারের তালিকায় যুক্ত হলো তার নাম, বাংলাদেশি হিসেবে যা প্রথম।

পুরো ইনিংস জুড়েই গতি আর ধার বজায় রেখেছেন নাহিদ। ১৪৭ কিমি গতিতে শুরু, শেষ বল ১৪৫ কিমি, কোথাও ক্লান্তির ছাপ নেই, কেবল ধারাবাহিক আগ্রাসন।

ফাইনালের জন্য বিশেষ অনুরোধে দলে নেওয়া হয়েছিল তাকে, সঙ্গে ছিল অতিরিক্ত পারিশ্রমিকের প্রতিশ্রুতি। মাঠে নেমে নাহিদ দেখালেন এই আস্থা কতটা সার্থক। এক ম্যাচেই তিনি বুঝিয়ে দিলেন, সুযোগ পেলে ম্যাচ জেতাতে জানেন। শেষ পর্যন্ত দ্বিতীয় শিরোপা জয়ের সাক্ষী হলো পেশওয়ার।

এমআই