মিরপুরে তামিম-হৃদয়ের নতুন পরীক্ষা
খেলা ডেস্ক
০১ মে ২০২৬, ২২:৩৫
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটার কে, এই প্রশ্নের উত্তর সহজ নয়। লিটন কুমার দাস আড়াই হাজারের বেশি রান করেছেন, কিন্তু ধারাবাহিকতার অভাব তাকে এককভাবে সেরা বানাতে দিচ্ছে না। আবার চার-ছক্কার ঝলকে আলোচনায় থাকা পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিমকেও এখনো সেরা ব্যাটার বলা যাচ্ছে না।
পরিসংখ্যান অনুযায়ী এই ফরম্যাটে সর্বোচ্চ গড় তাওহীদ হৃদয়ের, ম্যাচপ্রতি তার ব্যাটিং গড় ২৮। তার ঠিক পরেই আছেন ওপেনার তানজিদ তামিম, তার ব্যাটিং গড় ২৭। তবে দেশসেরা ব্যাটার হয়েও শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের পারফরম্যান্স অনেকটাই হতাশাজনক।
মিরপুরে হৃদয় পাঁচ ইনিংসে করেছেন ৬৬ রান, গড় ১৩। তানজিদ তামিম চার ইনিংসে করেছেন ৫৫ রান। স্ট্রাইক রেটও খুব বেশি কার্যকর নয়। ফলে নিজেদের সেরা ফর্মে থেকেও এই মাঠে তারা পিছিয়ে। বাংলাদেশ দলের রান অনেকটাই নির্ভর করে এই দুই ব্যাটারের ওপর। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মিরপুরে তাদের ফিরতেই হবে।
এই ভেন্যুতে সফল হতে হলে কৌশল বদল জরুরি। তামিমকে খেলতে হবে ধৈর্য ধরে, ডট বল কমিয়ে স্ট্রাইক রোটেশনে জোর দিতে হবে। হৃদয়ের জন্য দরকার সোজা ব্যাটে খেলা, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা। মিরপুরের উইকেটে বেশিরভাগ বল আই লাইনের নিচে থাকে, তাই পরিকল্পিত ব্যাটিংই মূল চাবিকাঠি।
অধিনায়ক লিটন কুমার দাস এই মাঠে তুলনামূলক সফল। পাঁচ শতাধিক রান করেছেন, স্ট্রাইক রেটও ভালো। টি-টোয়েন্টি ক্যারিয়ারের অনেক গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে মিরপুরেই। তবে মিরপুরের জট খুলতে হলে তামিম ও হৃদয়কে এবার বড় দায়িত্ব নিতে হবে, আর লিটনকে রাখতে হবে ধারাবাহিকতা।
এমআই