পিএসএল ফাইনাল খেলতে অনুমতি পেলেন নাহিদ
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেই নতুন মোড় নিলো নাহিদ রানার পিএসএল অধ্যায়। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগের ফাইনালে খেলতে এই তরুণ পেসারকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে পেশওয়ার জালমির হয়ে মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন নাহিদ।
এর আগে তাকে দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে অনিশ্চয়তা থাকলেও নতুন করে সিদ্ধান্ত পর্যালোচনা করে বিসিবি এই অনুমতি দেয়। বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব। বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া একজন তরুণ ক্রিকেটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে বিসিবি।
পাশাপাশি দলের ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল বিভাগও সবুজ সংকেত দিয়েছে। তাদের মতে, এই ম্যাচে অংশগ্রহণ নাহিদের ফিটনেস, ওয়ার্কলোড কিংবা জাতীয় দলের দায়িত্ব পালনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও পাওয়া যাবে এই গতিময় পেসারকে। ঢাকায় ৮ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য তিনি থাকছেন নির্বাচকদের বিবেচনায়। যদিও টেস্ট সিরিজের আগ পর্যন্ত বিশ্রামের কথা থাকলেও শেষ পর্যন্ত বড় মঞ্চের ডাক উপেক্ষা করা হয়নি।
এর আগে পেশওয়ার জালমির হয়ে চলতি আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন নাহিদ রানা। চার ম্যাচে মাত্র ১০ গড়ে ৭ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। তার এমন ধারাবাহিকতা ফাইনালের মঞ্চেও নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন নাহিদ রানা। সেই আশায় তাকে অনুরোধ করে দলে ফিরেয়েছে পেশওয়ার জালমি।
এমআই