২৭ বলে ৫১, এমন ইনিংস আগে খেলেছিলেন হৃদয়?
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৭
বিপিএলে সেঞ্চুরি, পাকিস্তান সিরিজে ধারাবাহিক রান, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আত্মবিশ্বাসী ব্যাটিং। সব মিলিয়ে তাওহীদ হৃদয় ছিলেন ছন্দে। সেই ছন্দই বজায় থাকল টি-টোয়েন্টিতেও। চট্টগ্রামের রাতে ২৬ বলে ফিফটি হাঁকিয়ে দলকে এনে দিলেন দারুণ এক জয়। এই ইনিংস দীর্ঘদিন মনে রাখবে টাইগার সমর্থকরা।
হৃদয়ের ব্যাটে আলো ঝরতেই আলোচনায় উঠে এসেছে পরিসংখ্যান। শেষ কবে ফিফটি করেছিলেন, সেটিই বা কত দ্রুত ছিল। উত্তরটা বেশি দূরের কথা নয়। আয়ারল্যান্ড সিরিজেই চট্টগ্রামে খেলেছিলেন ৮৩ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচে থেমেছিলেন ৬ রানে। তবে এক ম্যাচ বিরতির পর আবারও ফিফটির দেখা পেলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ছয়টি অর্ধশতক করেছেন এই ডানহাতি ব্যাটার। চারটি এসেছে দ্বিতীয় ইনিংসে, আর তিনটিতেই জিতেছে বাংলাদেশ। অর্থাৎ হৃদয় যেদিন জ্বলে ওঠেন, সেদিন জয়ের সম্ভাবনা বেড়ে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই চিত্রই দেখা গেল। তার ফিফটির ওপর ভর করেই জয় নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

সাধারণত টি-টোয়েন্টিতে খুব বেশি আগ্রাসী নন হৃদয়। কিন্তু চট্টগ্রামে দেখা গেল ভিন্ন এক রূপ। দুই চার ও তিন ছক্কায় ২৬ বলে তুলে নেন ফিফটি, যা তার ক্যারিয়ারের দ্রুততম। এর আগে ৩১ বলে শ্রীলঙ্কার বিপক্ষে, ৩৪ বলে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে, ৩৫ বলে ভারতের বিপক্ষে এবং ৪০ বলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হৃদয় হয়ে উঠছেন আরও পরিণত ও ধারাবাহিক। নিউজিল্যান্ড সিরিজের শুরুতেই খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস এবং গড়েছেন দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। তার ব্যাট হাসলে উচ্ছ্বাসে ভেসে যায় কোটি মানুষের হৃদয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ।
এমআই