আতলেতিকো মাদ্রিদে চোটের হানা
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ২৩:০৩
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের উত্তেজনার ঠিক আগমুহূর্তে দুশ্চিন্তার খবর পেল আতলেতিকো মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই সময়ে চোটে পড়েছেন দলের মিডফিল্ডার পাবলো বারিয়োস, যা কোচিং স্টাফের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে আসতে পারে।
আগামী বুধবার ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরের শেষ চারের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো। মেত্রোপলিতানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বারিয়োসের চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ডান পায়ের ঊরুর ইনজুরি থেকে প্রায় আড়াই মাস পর গত সপ্তাহেই মাঠে ফিরেছিলেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার। এলচের বিপক্ষে ২৮ মিনিট খেলার পর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলেন ৫৮ মিনিট।
তবে সেই ম্যাচেই ফের দুর্ভাগ্য তাড়া করে তাকে। মাঝপথে বেকায়দায় পড়ে নতুন করে বাঁ পায়ের ঊরুতে চোট পান বারিয়োস। পরে তাকে মাঠ ছাড়তে হয়। রোববার এক বিবৃতিতে বারিয়োসের চোটের বিষয়টি নিশ্চিত করেছে আতলেতিকো।
প্রাথমিক ধারণা, তাকে আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেছেন বারিয়োস। করেছেন একটি গোল, পাশাপাশি তিনটি অ্যাসিস্ট।
এমআই