গেইল-ম্যাক্সওয়েলের পর এবার দল কিনলেন তিন প্রোটিয়া
খেলা ডেস্ক
০১ মে ২০২৬, ১৪:৪৬
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) তারকাদের পদচারণা যেন থামছেই না। মালিকানার তালিকায় একের পর এক যোগ হচ্ছে বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। সেই ধারাবাহিকতায় এবার রটারডাম ফ্র্যাঞ্চাইজি কিনে আলোচনায় ফাফ ডু প্লেসিস, জন্টি রোডস ও হেনরিখ ক্লাসেন। একটি কনসোর্টিয়াম গড়ে তারা দলটির স্বত্ব কিনেছেন।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে খ্যাত রোডস এখন কোচিংয়ে ব্যস্ত। অন্যদিকে দু প্লেসি ও ক্লসেন জাতীয় দলের অধ্যায় পেছনে ফেলে এখন নিয়মিত মুখ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে। ক্লসেন বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
শুধু মালিকানাতেই নয়, মাঠের লড়াইয়েও থাকছে দু প্লেসির ছাপ। উদ্বোধনী আসরে রটারডাম দলকে নেতৃত্ব দেবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক নিজেই। ৪১ বছর বয়সী এই তারকা নতুন ভূমিকায় দারুণ উচ্ছ্বসিত।

দু প্লেসি বলেন, দলের মালিকানায় এটি তার প্রথম পদক্ষেপ এবং ইউরোপিয়ান ক্রিকেটের উত্থানের এই সময়ে যুক্ত হতে পারাটা বিশেষ কিছু। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে তিনি ইটিপিএলে বিপুল সম্ভাবনা দেখছেন। মাঠের ভেতরে-বাইরে অবদান রেখে শক্তিশালী ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে চান তিনি।
আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইটিপিএলের উদ্বোধনী আসর। ইউরোপের ছয় শহর গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম নিয়ে হবে এই প্রতিযোগিতা। মোট ৩৩টি ম্যাচে জমবে লড়াই।
শুধু এই তিন প্রোটিয়া নন, লিগের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে জড়ো হয়েছেন আরও বহু তারকা। আমস্টারডাম দলে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ ও হকি আইকন জেমি ডয়ার; নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন গ্লেন ম্যাক্সওয়েল।আর গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল।
এমআই