Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে এডহক কমিটি, আছেন সাঙ্গাকারা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে এডহক কমিটি, আছেন সাঙ্গাকারা

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ২০:৪১

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের পর বড় ধরনের পরিবর্তনের পথে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করার পর দেশটির সরকার ৯ সদস্যের একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে এই কমিটিতে রাখা হয়েছে।

বুধবার সরকারের নির্দেশে বোর্ড সরে যাওয়ার পরই এই নতুন কমিটি গঠনের ঘোষণা আসে। সাঙ্গাকারা ছাড়াও কমিটিতে আছেন সাবেক দুই ক্রিকেটার রোশান মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি। তবে কমিটির বড় অংশজুড়ে রয়েছেন করপোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে। তিনি শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানে সংসদ সদস্য নন।

দায়িত্ব পাওয়ার পর বিক্রমারত্নে বলেন, দক্ষ ও সৎ সদস্যদের নিয়ে গঠিত এই কমিটির নেতৃত্ব দেওয়া তার জন্য সৌভাগ্যের। তিনি জানান, কমিটির প্রধান লক্ষ্য হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসন কাঠামো সম্পূর্ণভাবে পুনর্গঠন করা এবং একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন করা, যা একটি আধুনিক ও শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান গঠনতন্ত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে, দুর্বল কাঠামোর কারণে ক্রিকেট সংস্থাগুলো অতিরিক্ত ক্ষমতা পায়, যার সুযোগে দুর্নীতি ও অদক্ষতা বেড়ে গেছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য নতুন কমিটিতে দুই আইনজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরিতে কাজ করবেন।

এমআই