Advertisement
Us Bangla Airlines
রেকর্ড ছুঁলেন জ্যোতি, সিরিজ জিতল শ্রীলঙ্কা

রেকর্ড ছুঁলেন জ্যোতি, সিরিজ জিতল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ১৮:০৪

রেকর্ডের মাইলফলক ছুঁয়েও হাসতে পারলেন না নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়ার দিনেই হারের তেতো স্বাদ নিতে হলো তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানের পরাজয়ে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

ম্যাচটি ছিল জ্যোতির জন্য বিশেষ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড নিজের করে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬৬ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে তিনি ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক সালমা খাতুনকে, যার নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল ৬৫টি ম্যাচ।

তবে ব্যক্তিগত অর্জনের দিনটি দলীয় সাফল্যে রাঙাতে পারেনি বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল দারুণ। দুই ওপেনারের ব্যাটে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে আসে ৪৬ রান। কিন্তু সপ্তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙতেই ছন্দ হারায় দল।

এরপর রান আউটের মিছিলে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। একে একে তিন ব্যাটার রান আউট হয়ে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে স্বাগতিকরা। শেষ দিকে শারমিন আক্তার লড়াই চালিয়ে গেলেও জয়ের বন্দরে পৌঁছানো যায়নি। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে শারমিন ৪৭ বলে অপরাজিত ৪৪ রান করেন। জুয়াইরিয়া ফেরদৌস ২৩ বলে করেন ২৯ রান। দিলারা ২৩ ও স্বর্ণা যোগ করেন ১২ রান। তবে বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এর আগে রাজশাহীতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান জ্যোতি। শুরুতেই উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় সফরকারীরা। সামারাবিক্রমা করেন সর্বোচ্চ ৪৯ রান, আতাপাত্তুর ব্যাট থেকে আসে ৪২। এছাড়া ইমেশা দুলানি ২৭, নিলাক্ষী ডি সিলভা ২২ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে চার বোলার নেন একটি করে উইকেট। তবে শেষ পর্যন্ত জ্যোতির রেকর্ডের দিনটি স্মরণীয় না হয়ে রয়ে গেল আক্ষেপে।

এমআই